শোলাকিয়া প্রস্তুত
প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ইতিমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।
এবারও ঈদ-উল-ফিতরের জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদের দিন সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়ে শনিবার ঈদ উদযাপন হবে বলে জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইতোমধ্যে জামাতের কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার করা, ধোয়ামোছা ও রঙয়ের কাজসহ সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।
এছাড়া জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
শোলাকয়িা ঈদগাহ কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জানান, মুসল্লিদের নির্বিঘেœ নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান জানান, গৃহিত ব্যবস্থার কারণে বরাবরের মতো এবারও মুসল্লিরা নিরাপদে নামাজ আদায় করতে পারবেন।
নিরাপত্তার জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের দিন মাঠ ও আশপাশের এলাকায় সহস্রাধিক পুলিশ মোতায়েন থাকবে। মাঠের প্রতিটি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে আগত মুসল্লিদের।
“নাশকতা মোকাবেলায় ওয়াচ টাওয়ার এবং ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হবে।
“বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব ও আর্মড পুলিশ ব্যাটেলিয়নসহ অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করেবে।”
আইনশৃংখলা পরিস্থিতির বিবেচনায় ইতিমধ্যে জেলায় পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে এসপি আনোয়ার জানান।
শোলাকিয়া মাঠ জামে মসজিদের ইমাম লুৎফুর রহমান গোলাপ বলেন, ঈদ জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
একটি ট্রেন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং অপর ট্রেনটি সকাল ৬টায় ভৈরব থেকে শোলাকিয়া মাঠের উদ্দেশে ছেড়ে আসবে।
নামাজ শেষে ট্রেন দুটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে যাবে বলে তিনি জানান।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।
স্থানীয় গবেষকদের ভাষ্য অনুযায়ী, ১৮২৮ সালে অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়েই এসেছে আজকের ‘শোলাকিয়া’।
বিশাল এই মাঠে কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। তবে মাঠের বাইরে আশে পাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়া মুসল্লি¬র মিলিয়ে এই সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়।
