লঞ্চ থেকে লাফিয়ে বুড়িগঙ্গায় প্রাণ গেল হকারের
এক লঞ্চ থেকে লাফিয়ে আরেক লঞ্চে যাওয়ার চেষ্টায় বুড়িগঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে এক হকারের।
ঈদযাত্রার ভিড়ের মধ্যে শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার সদরঘাটে এ ঘটনা ঘটে বলে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান জানান।
নিহত হারুনের (৪৫) বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি সদরঘাটে হকারের কাজ করতেন।
মোখলেছুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ১৩ নম্বর পণ্টুনের কাছে এমভি মহানগরী লঞ্চ থেকে লাফিয়ে এমভি ভোলা লঞ্চে যাওয়ার চেষ্টা করেন হারুন। কিন্তু না পেরে পানিতে পড়ে যান।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে ডুবুরিরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
মোখলেছুর বলেন, “নিহতের শরীরে কোনও জখমের চিহ্ন নেই। পানিতে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।”
