সোয়ান গার্মেন্টের শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলছে
ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সোয়ান গার্মেন্টের শ্রমিকরা।
বৃহস্পতিবার তাদের এই কর্মসূচিতে বক্তব্যে এই শ্রমিকদের বিষয়ে উদাসীনতার জন্য সরকারের সমালোচনাও করেন সিপিবি-বাসদের নেতারা।
বন্ধ হয়ে যাওয়া সোয়ান গার্মেন্টের এক হাজারের বেশি শ্রমিকের একটি অংশ গত রোববার ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই কর্মসূচিতে রয়েছে।
বৃহস্পতিবার কর্মসূচিতে বক্তব্যে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সিপিবি নেতা আহসান হাবিব লাবলু বলেন, “সোয়ান গার্মেন্টের ১৩০০ কর্মী না খেয়ে এখানে পড়ে আছেন, সরকারের একজন কর্তাও এসে দেখল না তাদের কী সমস্যা।”
বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “এতগুলো গার্মেন্ট কর্মী না খেয়ে রাস্তায় বসে আছে। সচিবরা নিজেদের বেতন-বোনাস হিসেব করে নিয়ে আজ চলে গেছে, একবার এদের কথা চিন্তা করল না।”
গত ১০ এপ্রিল থেকে সোয়ান গ্রুপের সোয়ান গার্মেন্ট প্রাইভেট লিমিটেড ও সোয়ান জিনস লিমিটেড কারখানা দুটি বন্ধ করে দেয় মালিক পক্ষ। এতে ১৩০০ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়েছেন।
পাওনা আদায়ে কয়েক দফা শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ ঘেরাও কর্মসূচি পালন করা হলেও তাতে কোনো ফল না পেয়ে অবস্থানে বসেছেন এই শ্রমিকরা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীম বলেন, “শ্রমিকদের এমন সংকটে সরকার এবং বিজিএমইএ একে অপরকে দেখিয়ে দিচ্ছে। অথচ শ্রমিকদের এই দুর্দশার দায় তাদের কেউই এড়াতে পারে না।”
সোয়ান গার্মেন্ট শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধ করে তাদের ঈদ করার সুযোগ করে দেওয়ার দাবি জানান এই শ্রমিক নেতা।
সোয়ান গার্মেন্টের কর্মী নাসিমা বলেন, “১৭ বছর ধরে এ গার্মেন্টে কাজ করছি। আমাদের সংসার চলে এইখানে কাজের টাকায়। এখন খেয়ে না খেয়ে দিন যাচ্ছে।”
মোসাম্মৎ মনি নামে আরেক শ্রমিক বলেন, “ফ্যাক্টরি বন্ধ, কাজ নাই বেতন নাই। কী নিয়া বাড়িতে যাব? অন্য জায়গায়ও কাজ পাচ্ছি না।”
দাবি আদায়ে ঈদের দিনও অবস্থানে থাকবেন বলে জানান এই পোশাক শ্রমিক।
সকালে আন্দোলনরত শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলও করে।
