৯৯% কারখানা বেতন দিয়েছে: বিজিএমইএ
এবার ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন বলে দাবি করেছে মালিকদের সংগঠন বিজিএমইএ।
বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঈদের দুদিন আগে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
ঢাকা ও আশপাশের দেড় হাজার পোশাক কারখানা পরিদর্শন করার পর সংবাদ সম্মেলনে আসার কথা জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
“৯৯ শতাংশ কারখানা ঈদের আগে বেতন পরিশোধ করেছে। ৯৫ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে,” বলেন তিনি।
আতিকুল বলেন, শ্রমিকরা যেন ঈদের আগে সুষ্ঠুভাবে বেতন-ভাতা পায়, সে লক্ষ্যে সরকার ও বিজিএমইএ সমন্বিতভাবে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছিল।
“ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জকে ১৫টি অঞ্চলে ভাগ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বেতন-ভাতা নিয়ে সমস্যা হতে পারে এরকম প্রায় ১৫ কারখানা এবার নিবিড় তদারকির আওতায় আনা হয়।”
পরিদর্শন করা ১৪৮৯টি কারখানার মধ্যে ১৪৮৭টি কারখানা জুন মাসের বেতন পরিশোধ করেছে বলে জানান বিজিএমইএ সভাপতি।
“১৪৮৩টি কারখানা ঈদ বোনাস দিয়েছে, জুলাই মাসের বেতন আংশিক পরিশোধ করেছে ৩১৫টি কারখানা।”
পর্যবেক্ষণের আওতায় থাকা একই মালিকের প্রতিষ্ঠান গার্মেক্স ও গীতানের ১৫০ শ্রমিক বেতন পায়নি বলে জানান আতিকুল।
তবে ঈদের আগে এই দুটি কারখানাও বেতন পরিশোধ করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
বিজিএমইএ ভবনে এই সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ সুমন, এস এম মান্নান কচি ও শহীদুল আজিমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
