ফরিদপুরে মিরন-ফরহাদ হত্যার বিচার দাবি
ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী মিরন ও ফরহাদকে ‘ডাকাত’ সন্দেহে পিটিয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধন হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর- বোয়ালমারী সড়কের কাদিরদী বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির সমাবেশে বক্তারা অবিলম্বে কাদিরদী বাজারের ব্যবসায়ী মিরন ও ফরহাদের হত্যাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য দেন, জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, স্থানীয় সাতৈর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আলম ও অন্যরা।
গত ৫ জুলাই রাতে ওই দুই ব্যবসায়ী বোয়ালমারীর লংকারচর এলাকা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ময়না এলাকায় ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। এ ঘটনার পর দিন নিহতের পরিবার থানায় হত্যা মামলা করে।
