২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের স্থানান্তর করায় কারা-মহাপরিদর্শক ও জেল সুপারকে হুমকি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে কয়েকজন সন্ত্রাসীকে অন্য কারাগারে সরিয়ে নেওয়ার পর অজ্ঞাত ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

কারা মহাপরিদর্শক মো. ইফতেখার উদ্দিন ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মো. মিজানুর রহমান এ ঘটনায় থানায় পৃথকভাবে অভিযোগ করেছেন।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে কয়েকজন সন্ত্রাসীকে সম্প্রতি যশোরসহ বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয় উল্লেখ করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মো. মিজানুর রহমান জানান, একটি জাতীয় পত্রিকায় কারাবন্দীদের নিয়ে সংবাদ প্রকাশের পর এ কারাগারের বন্দী পিচ্চি হেলালসহ কয়েক টেররকে যশোরসহ বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়।

এরপরই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন আসতে থাকে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ও রাত পৌনে ৮টার দিকে একাধিকবার ফোনে জানতে চাওয়া হয়- কেন তাদেরকে এ কারাগার  থেকে অন্য কারাগারে পাঠানো হয়েছে।

এজন্য তাকে ও তার সন্তানদের খুন-জখমেরও হুমকি দেয়া হয়।

তিনি আরো জানান, একইভাবে কারা মহাপরিদর্শক মো. ইফতেখার উদ্দিনকে হুমকিও দেওয়া হয়।

পরে কারা মহাপরিদর্শক মঙ্গলবার রাতেই ঢাকার চকবাজার থানায় একটি জিডি করেছেন।

এদিকে বুধবার জেল সুপার মিজানুর রহমানও জয়দেবপুর থানায় একটি জিডি করেছেন বলে জানান।