২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 09:51 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

নিহত গাজী আব্দুর রহমান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।  নড়াইল সদর উপজেলার পলয়ডাঙ্গা গ্রামে বাড়ি হলেও তার পরিবার বাগেরহাটের কাটাখালিতে থাকত।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শাখারিগাতি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীসহ তিনজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাৎক্ষণিকভাবে আটক কারও নাম পরিচয় জানা যায়নি।

এসআই জাহাঙ্গীর বলেন, এসআই রহমান সন্ধ্যায় মোটর সাইকেল করে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাখারিগাতি এলাকায় পেছন থেকে প্রাণ কোম্পানির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এ সময় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয় জনতা ট্রাকসহ চালক ও তার সহকারীসহ তিনজনকে আটক করে পুলিশে দেয়।

এসআই জাহাঙ্গীর আরও বলেন, ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধারের পর পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তার কর্মস্থলের তথ্য পাওয়া যায়।