সরকারি জমি আত্মসাতের অভিযোগে পাবনায় দুদকের মামলা
পাবনায় জালিয়াতির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
মঙ্গলবার দুদকের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে পাবনা সদর থানায় মামলাটি করেন।
দুদকের পাবনা অফিসের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাটমোহর উপজেলায় রফিকুল ইসলাম মহসিন নামের এক ব্যক্তি তহসিলদার হিসেবে কর্মরত ছিলেন। ওই তহসীলদারের সঙ্গেই আসামিরা জোগসাজশে এই জালিয়াতি করেন বলে দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
“এরাই সিতলাই জমিদারের ফেলে যাওয়া প্রায় ৮১ একর সরকারি জমি কাগজপত্র জাল করে ভোগ দখল করে আসছে।”
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আহসানুল হক বলেন, “মামলাটি রেকর্ড করা হলেও আমাদের কিছুই করার নেই। মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দেবে দুদক।”
মামলার আসামিরা হলেন- চাটমোহরের সিতলাই গ্রামের হরেন্দ্র নাথ সেনের ছেলে বৈদ্যনাথ সেন, তার ছেলে সন্তোস সেন, পাবনা শহরের কালাচাদপাড়ার বিশ্বনাথ কর্মকার, রাধানগর মক্তবপাড়ার খোন্দকার আব্দুল কুদ্দুস, দিলালপুর মহল্লার রফিকুল ইসলাম মহসিন, ভাজপাড়ার আব্দুল্লাহ আল মাহমুদ, কলাবাগানের আব্দুর রাজ্জাক, কৃষ্ণপুরের আবুল কাশেম, আলী জব্বার, গোবিন্দা মহল্লার আব্দুল বাতেন, আটুয়ার আতিয়ার রহমান, সমাজ গ্রামের আবুল হাসেম, আনসার মৃধা, ফরহাদ নাসিম সরকার, শফিকুল ইসলাম, ইলিয়াস উদ্দিন সরকার ও সিতলাই গ্রামের মৃত আবু বকরের স্ত্রী মরিয়ম খাতুন।
মামলার এজহার থেকে জানা যায়, পাবনার চাটমোহর উপজেলার সিতলাই জমিদার যোগেশ চন্দ্র মৈত্র ১৯৬৫ সালের শেষ দিকে সম্পত্তি ফেলে রেখে ভারতে চলে যান। এসএ রেকর্ডে তার নামে চাটমোহর উপজেলার ২৯ নম্বর সমাজ মৌজার ২৬ নম্বর খতিয়ানে ১৪০টি দাগে ৮৪ দশমিক ২২ একর সম্পত্তি রেকর্ড করা হয়। পরে আরএস রেকর্ডে ওই জমি ওই জমিদারের পক্ষে বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। আরএস রেকর্ড সেটেলমেন্ট অফিসের মাধ্যমে প্রকাশ ও ভলিউম বাধাই শেষে ভূমি জরিপ অধিদপ্তর থেকে পাবনার বিভিন্ন দপ্তরে দেওয়ার জন্য পাবনা সেটেলমেন্ট জোনাল অফিসে পাঠানো হয়।
জোনাল অফিস থেকেই আসামিরা ৮১৫ নম্বর খতিয়ানের দুটি পাতা সরিয়ে ফেলে বাইরে বাহির থেকে পাতা ছাপিয়ে টেম্পারিং করে সিতলাই জমিদার যোগেশ চন্দ্র মৈত্রর নামের জায়গায় ১৪ জনের নাম অন্তর্ভূক্ত করে।
যার সব তথ্যই দুদকের তদন্তে প্রমাণ পেয়েছে বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।
