ঘন চিনি আমদানিকারক ওমর ১০ দিনের রিমান্ডে
আমদানি নিষিদ্ধ ঘন চিনি আনার অভিযোগে গ্রেপ্তার ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ওমর ফারুকের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।”
সোমবার পুরান ঢাকা থেকে মিটফোর্ডের ওমর ট্রেডের মালিক ওমর ফারুককে (২৭) আটক করে শুল্ক গোয়েন্দারা।
সাইট্রিক এসিডের নামে ঘোষণা দিয়ে চীন থেকে এক হাজার কেজি ঘন চিনি (সোডিয়াম সাইক্লোমেট) আমদানি করেন ওমর। এই ঘন চিনির সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট মিশ্রিত করে বাজারজাত করতেন ওমর।
সাধারণত এক কেজি ঘন চিনি পঞ্চাশ কেজি চিনির সমান কাজ করে। তাই অসাধু ব্যবসায়ীরা মানবদেহের জন্য ক্ষতিকর এ চিনি বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করে।
আমদানি নিষিদ্ধ ঘন চিনি আনায় কাস্টমস কর্তৃপক্ষ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করে।
