চট্টগ্রামে ২ কারখানা সিলগালা; কাঁচাবাজারে জরিমানা-মুচলেকা
চট্টগ্রামে অবৈধভাবে স্থাপিত একটি পলিথিন কারখানা ও একটি ট্যানারি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আন্দরকিল্লা ও আসাদগঞ্জ এলাকায় সোমবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি আরও ছয়টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুল ইসলাম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।
সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হল- তালহা এন্টারপ্রাইজ ও মর্ডান পলি ফ্যাক্টরি।
ম্যাজিস্ট্রেট আনিসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করায় আন্দরকিল্লায় মডার্ন পলি ফ্যাক্টরি এবং পানি বিশোধনের পদ্ধতি না থাকায় আসাদগঞ্জের ট্যানারি তালহা এন্টারপ্রাইজ সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এছাড়া অনুমোদনহীন আমদানি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় আসাদগঞ্জের আলিফ ট্রেডিং ও নকল লোগো তৈরির দায়ে আন্দরকিল্লার এ জেড ট্রেডার্স নামে একটি ছাপা কারখানাসহ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অবৈধভাবে গরু মার্কা লোগো লাগিয়ে বাজারে ঢেউটিন বিক্রির দায়ে রয়েল এন্টারপ্রাইজ এবং প্লাস্টিকের জিনিস তৈরি করায় এসবি ট্রেডার্স, জালাল প্লাস্টিক ফ্যাক্টরি, এস এম প্লাস্টিক এন্টারপ্রাইজ, এস এম ট্রেডার্স নামে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের কয়েকটি কাঁচা বাজারে অভিযান চালিয়ে দোকান মালিকের কাছে মুচলেকা আদায়সহ কয়েকজন বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের আরও তিনটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর রেয়াজ উদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন প্রশাসনের তিন নির্বাহী হাকিম আশরাফুল আলম, হাবিবুল হাসান ও তাহমিলুর রহমান।
পণ্য বিক্রির রশিদ ক্রেতাদের না দেওয়ায় রেয়াজ উদ্দিন বাজারের সবজির আড়ৎ মুক্তা এন্টারপ্রাইজ, মেম্বার বাণিজ্যালয় ও সাভার বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া আলী আহম্মেদ ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছু আড়তে পণ্য বেচাকেনার রশিদ দেওয়া হয় না। এর পরিপ্রেক্ষিতেই জরিমানা করাসহ কয়েকটি আড়তে সর্তক করা হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালত আসার পরপরই পাইকারি বাজারে কাঁচা মরিচের প্রতি কেজির দাম ৩০ টাকা কমে ৬০ থেকে ৬৫ টাকায় নেমে আসে।
পণ্য বেচাকেনায় রশিদ দেওয়া এবং মূল্য তালিকা টানানোর বিষয়ে ম্যাজিস্ট্রেটরা বাজারের কয়েকজন ব্যবসায়ী নেতাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।
রিয়াজ উদ্দিন বাজারের আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম সাইফুদ্দিন, কাজীর দেউড়ি কাঁচা বাজার সমিতির সভাপতি এম এ রাজ্জাক এবং রিয়াজ উদ্দিন বাজার ক্ষুদ্র হকার সমিতির সভাপতি মোহাম্মদ শামীমের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট আশরাফুল বলেন, “তারা মুচলেকা দিয়েছেন যে- ১৪ জুলাই থেকে সব পণ্য ক্রয়-বিক্রয়ে রশিদ দেওয়া হবে। প্রত্যেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবে এবং ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।”
