২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুকুলের জামিন আবেদন ফের নাকচ

স্ত্রী নির্যাতনের মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিন আবেদন ফের নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার  ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সুচনার আদালতে মুকুলের জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

আবেদনের পক্ষে শুনানি করেন মুকুলের আইনজীবী গোলাম মোস্তফা খান।  বিরোধিতা করে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ কয়েকজন।

এ সময় মামলার বাদী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার তন্বী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ জুলাই মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে শুনানির পর মুকুলের জামিন আবেদন নামঞ্জুর হয়। তবে সেদিন তার কথিত প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথিকে জামিন দেন বিচারক।

সিঁথির সঙ্গে সম্পর্কে জড়িয়ে মুকুল তাকে নির্যাতন চালিয়ে আসছিলেন বলে মামলায় অভিযোগ করেছেন তন্বী।

গত ২৫ জুন নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলাটি দায়েরের পরদিন মধ্যরাতে গাজী টিভির বার্তা সম্পাদক মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত।

কারাবন্দি মুকুলকে এরইমধ্যে চাকরিচ্যুত করেছে গাজী টিভি।

মুকুল-তন্বী দম্পতির এক সন্তান রয়েছে। দুবছর আগে তাদের আরেক সন্তান চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন তন্বী।

পুরনো খবর:

মুকুলের কথিত বান্ধবীর জামিন
স্ত্রী নির্যাতনের মামলায় সাংবাদিক মুকুল কারাগারে