ভারতীয় পোশাকে সয়লাব জয়পুরহাট
ঈদকে সামনে রেখে ভারতীয় পোশাকে ভরে গেছে জয়পুরহাটের বিপণি বিতানগুলো।
ভারত সীমান্তের কাছের এই জেলা শহরের বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন এলাকার কাপড়ের দোকানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন নামের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস।
এর মধ্যে কিরণমালা, কটকটি, মোদী ও লং নামের পোশাকগুলো বেশ চাহিদা রয়েছে তরুণীদের কাছে। এক হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব পোশাক।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারত থেকে আসা বিভিন্ন নামের এসব পোশাক কিনতে নারী আর তরুণীরা ভিড় করছেন দোকানগুলোতে।
এদের মধ্যে অনেকেই দামের চাইতে পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন। আর পোশাকগুলোতে আলাদা ধরনের ডিজাইন থাকায় এগুলো বেশি জনপ্রিয় বলে জানান বিভিন্ন শপিংমলে কেনাকাটা করতে আসা অনেকেই।
মুক্তা পারভীন নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিত্য-নতুন ডিজাইন আর নানা ধরনের আর্কষণীয় কারুকাজের জন্য ভারতীয় শাড়ি-থ্রি পিসের প্রতি ক্রেতাদের ঝোঁক বাড়ছে।
শুধু নারী বা তরুণীরাই নয় পুরুষদের পছন্দের তালিকায়ও ভারতীয় ‘খান সাহেব’ ও ‘ইয়েলো’ পাঞ্জাবির নাম উঠে এসেছে, যা তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় কেনা যাচ্ছে।
তবে বাজার ভরা ভারতীয় পোশাকের জন্য চোরাকারবারিদের আধিপত্যকেই দায়ী করছেন সীমান্তের বিজিবি সদস্যরা।
নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক বিজিবি সদস্য ও হিলি স্থল বন্দরের শুল্ক ও ইমিগ্রেশন বিভাগের কর্মচারীরা জানান, ভারতে ঘুরতে যাওয়া দেশীয় পর্যটকেরা ফেরার পথে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি পিস নিয়ে আসছেন। ফলে জেলার বিভিন্ন মার্কেট ভারতীয় পোশাকের দখলে চলে যাচ্ছে।
জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে বিক্রেতারা বলছেন, ভারতীয় বাংলা চ্যানেল যেমন- জি বাংলা, স্টার জলসায় প্রচারিত সিরিয়ালগুলোতে বাহারি পোশাক প্রদর্শনে বাংলাদেশের ক্রেতারাও সেদিকে ঝুঁকছেন।
জয়পুরহাটের শংকর বস্ত্রালয়ের মালিক ডিম্পল আগরওয়ালাসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, দেশীয় কাপড়ের গুণগত মান যথেষ্ট ভালো হলেও দৃষ্টিনন্দন ডিজাইনের কারণে ভারতীয় কাপড়ের প্রতি ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন।
ভারতীয় পোশাকের ‘আগ্রাসন’ ঠেকাতে দেশি পোশাকের মান বাড়ানোর উপর জোর দেন তিনি।
ডিম্পল আগরওয়াল বলেন, “আমাদের বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত ডিজাইনারদের আরও উন্নত প্রশিক্ষণ প্রয়োজন। দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পটির বাজারজাত করতে ব্যাপক প্রচার-প্রচারণায় গণমাধ্যমেরও জোরাল ভূমিকা দরকার।”
