২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগ পুলিশ ফাঁড়ির পরিত্যক্ত ভবনে ধস

পুরান ঢাকার চকবাজার থানার লালবাগ পুলিশ ফাঁড়ির পরিত্যক্ত ভবনের একাংশ  ধসে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:45 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

কয়েক মাস আগে ঝুঁকিপূর্ণ ওই ভবন থেকে পুলিশ সদস্যরা সরে যাওয়ায় এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মহানগর পুলিশের লালবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান জানান, শুক্রবার ইফতারির পর ফাঁড়ির পরিত্যক্ত ভবনের সামনের দিকের একটি কক্ষের দেওয়াল ও ছাদ ধসে পড়ে।

জরাজীর্ণ ওই ভবন থেকে চার মাস আগে পুলিশ সদস্যরা সরে গিয়ে পাশের একটি ভবন ভাড়া নিয়ে সেখানে ফাঁড়ির কার্যক্রম পরিচালনা করেন বলে জানান তিনি।

ওই ভবনে পুলিশের কিছু মালামাল রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবনের ভিতরে কেউ থাকেন না। বাইরে থেকে পাহারা দেওয়া হয়।

“তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

লালবাগ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান জানান, একজন এসআই, চারজন এএসআই, ১৯ জন কনস্টেবল ও সাত আনসার সদস্য পরিত্যক্ত ওই ভবনে থাকতেন।

‘শত বছরের’ পুরনো ওই দুইতলা ভবনে নিচে ও উপরে পাঁচটি করে কক্ষ রয়েছে। তবে যে কক্ষের একাংশ ধসেছে তার কিছুটা পিছন থেকে দ্বিতীয় শুরু হওয়ায় উপরে কোনো ধস হয়নি।