ভারি বর্ষণে জলমগ্ন নোয়াখালী শহর
ভারি বর্ষণে নোয়াখালী শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পৌর শহরের বিভিন্ন সড়ক, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও আবাসিক এলাকায় পানি জমে থাকায় বেড়েছে জনদুর্ভোগ।
ঈদের আগে এ জলাবদ্ধতার কারণে বেচাকেনায় বিরূপ প্রভাব পড়ে।
সরেজমিনে দেখা যায়, বুধবার থেকে চলা ভারি বর্ষণে জেলা জজ আদালত সড়ক, জামে মসজিদ সড়ক, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ সড়ক, ইসলামিয়া সড়ক, সার্কিট হাউজ সড়কসহ দত্তেরহাট, সোনাপুর এলাকার বিভিন্ন সড়কে পানি উঠেছে।
এছাড়া সরকারি আবাসিক এলাকা, লক্ষ্মীনারায়ণপুর, মাস্টারপাড়া, গুপ্তাঙ্গ, লইয়ার্স কলোনি, কাজী কলোনি, হরিনারায়ণপুর, সোনাপুর বকশি মসজিদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
জামে সমজিদ মার্কেটের মাসুদ জানান, জলাবদ্ধতার কারণে গত বুধবার থেকে দোকানে বেচাকেনা প্রায় বন্ধ হয়ে আছে।
সোনাপুরের বেসকাররি উন্নয়ন সংস্থা বন্ধনের পরিচালক আমিনুজ্জামান জানান, বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় তার অফিস জলমগ্ন হয়ে আছে বুধবার থেকে।
সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় খাল দখলের কারণে স্থানীয় বাসিন্দাদেরকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি।
নতুন জেল সড়ক এলাকার বাসিন্দা হাসিব মাহমুদ শরীফ জানান, এলাকার খালটির বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানি নামার পথ বন্ধ হয়ে গেছে।
লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা এনাম আহসান জানান, নোয়াখালী জেলা উপর দিয়ে বয়ে যাওয়া ছাগলমারা খালটি এক সময় প্রবাহমান ছিল।
এক সময় পুরো শহরের পানি এই খাল দিয়েই নিষ্কাশন হতো। দখল আর সংস্কারের অভাবে খালটি এখন অস্তিত্ব হারাতে বসেছে।
খালের পাড়ে ঘর ও দোকানপাট তৈরির হিড়িক পড়েছে গত কয়েক বছর থেকে। দখলদারদের উচ্ছেদে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
এ কারণে বর্ষা এলেই শহরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত ও সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে বলে অভিযোগ করেন তিনি।
নোয়াখালী পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ আজাদ জানান, মাইজদী পৌর বাজার থেকে শুরু করে উত্তরদিকে গাবুয়া খাল পর্যন্ত পরিকল্পিত ড্রেনেজ নির্মাণের ফলে জলাবদ্ধতা সমস্যা আগের তুলনায় কমেছে।
তবে, শহরের দক্ষিণাংশে খাল দখলের কারণে পানি নামার পথ বন্ধ হয়ে আছে।
খালের মালিক পৌর কর্তৃপক্ষ না হওয়ায় এ নিয়ে পৌরসভার একার পক্ষে তেমন কিছু করার নেই বলে জানান তিনি।
