২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে ৫ খুন: আরেক আসামি গ্রেপ্তার 

ময়মনসিংহের নান্দাইলে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে নান্দাইল উপজেলার বাশাটি গ্রামে একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে এ হামলার সন্দেহভাজন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। অপর দুজন হলেন কাজল মিয়ার (লাল মিয়ার ভাই) ছেলে হিরন মিয়া এবং তাদের প্রতিবেশী হরুনর রশীদ।

র‌্যাব-২ এর অধিনায়ক এস এস মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার পাশে অপেক্ষা করার সময় লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশকে জানালে তারা শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ নিয়ে যায়।

লাল মিয়া বাবা ও তিন সন্তান হত্যা মামলার ৪ নম্বর আসামি বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

শুক্রবারের ওই হামলায় নিহতরা হলেন বাশাটি গ্রামের বেলাল হোসেন (৫০) এবং তার তিন ছেলে ফরিদ (২৫), হিমেল (১৪) ও পাভেল (১০)।  

পরদিন সকালে ওই গ্রামের একটি পুকুর পাড়ে লাল মিয়ার ছেলে জামাল হোসেনের (২২)  লাশ পাওয়া যায়।

পুরনো খবর:

নান্দাইলে এক পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা