ফেনীতে রেল কর্মচারীকে কুপিয়ে জখম
ফেনী সদরে জমি নিয়ে বিরোধের জেরে রেলওয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে কুপিয়ে জখম করেছে একই পরিবারে তার প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফাজিলপুর শিবপুর দাগন আলী ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ ইলিয়াসকে (৬০)ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিয়াসের ছোট ছেলে শাহ পরান জানান, দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে চাচা ও জেঠাদের জমিজামা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জেরে বৃহস্পতিবার রাতে তার জেঠাতো ভাই নাসির ও কালামসহ তাদের সহযোগীরা তার বাবার উপর হামলা চালায়।
তারা লোহার রড দিয়ে পিটিয়ে তার বাবাকে গুরুতর জখম করে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ইলিয়াসের মাথায় ৯/১০টি সেলাই পড়েছে।
এছাড়া তার শরীরে একাধিক স্থানে জখম রয়েছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী থানাধীন ফাজিলপুর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শাফিউল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ইলিয়াস বাংলাদেশ রেলওয়ের বারইয়ার হাট এলাকার চিনকী আস্তানা স্টেশনের ওয়েম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া বর্তমানে ওই স্টেশনের ভারপ্রাপ্ত স্টোর টেন্ডলের (এসটি)অতিরিক্ত দায়িত্বও পালন করছেন বলে জানান স্টেশন মাস্টার।
