কোকেনকাণ্ডে গ্রেপ্তার সোহেল ফের রিমান্ডে
চট্টগ্রাম বন্দরে আটক কনটেইনারে কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ রিমান্ডেআবেদন মঞ্জুর করেন বলে জানান নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামারুজ্জামান অধিকতর জিজ্ঞাসাবাদ, গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন এবং তথ্য যাচাই বাছাইয়ের জন্য সোহেলকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।
এর আগে গত ৩০ জুন সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল গোয়েন্দা পুলিশ।
ওই সময়ে এই ঘটনায় ঢাকা থেকে গ্রেপ্তার অন্য তিনজনের প্রত্যেককে ১০দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে।
গত ৮ জুন মাসে বন্দরের চার নম্বর ইয়ার্ডে থাকা কনটেইনারটি খুলে ১০৭টি ড্রাম খেকে নমুনা সংগ্রহ করে ওইদিনই কায়িক পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাঠ পর্যায়ের ওই পরীক্ষায় তরল কোকেনের উপস্থিতির কোনো প্রমাণ না পাওয়ায় সংগৃহীত নমুনা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি (বিসিএসআইআর) ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পরে ২৭ জুন এরমধ্যে একটি ড্রামে কোকেন থাকার কথা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ১০৭টি ড্রামের একটিতে কোকেনের নমুনা মিলে। এর মধ্যে এক-তৃতীয়াংশ কোকেন বলে তাদের ধারণা।
এই ঘটনায় গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ, মোস্তফা কামাল নামের তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার আগেই চট্টগ্রামে গ্রেপ্তার হন সোহেল। তিনি ওই সূর্যমুখী তেলের আমদানিকারক, যাতে কোকেন মিলেছে।
