ছিটমহলে যৌথ জরিপ: ভারতে যেতে চায় দুই পরিবার
কুড়িগ্রামের ১২টি ছিটমহলে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপে এ পর্যন্ত দুটি পরিবার ভারত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
জরিপের দ্বিতীয় দিন মঙ্গলবার পর্যন্ত ভুরুঙ্গামারী উপজেলার গাও চুলকা-১ ও কালামাটি ছিটমহলের দুটি পরিবার ভারত যাওয়ার জন্য নাম নিবন্ধন ও ছবি তুলেছে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জানান, এই উপজেলায় ১০টি ছিটমহল রয়েছে। এখানে তিনটি বুথে গণনা চলছে। দুদিনে গাও চুলকা-১ এবং কালামাটি ছিটমহলের দুই পরিবারের সাত জন ভারতে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
এরা হলেন, গাও চুলকা-১ ছিটমহলের মহির উদ্দিনের ছেলে বাদল মিয়া (২৮), তার স্ত্রী আর্জিনা বেগম (২২) ও বৃষ্টি (০৯) এবং কালামাটি ছিটমহলের বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলতাফ (২৮), তার স্ত্রী শেফালী বেগম (২৪), মেয়ে তাসলিমা (৬) এবং ছেলে শান্ত (০১)।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন জানান, হেড কাউন্টিংয়ে ফুলবাড়ির দুই ছিটে সাতটি বুথে গণনার কাজ চলছে।
দুই দিনে ১ হাজার ১১৪ জনের গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে কেউ ভারত যাওয়ার জন্য নিবন্ধন করেনি।
জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি এবং ভূরুঙ্গামারী উপজেলায় রয়েছে ১২টি ছিটমহল।
এর মধ্যে ফুলবাড়ির দুটি ছিটে এক হাজার ১১৪ জন এবং ভূরুঙ্গামারীর ১০টি ছিটে ২৫৩ জন নিবন্ধিত হয়েছে।
ভারত যেতে আগ্রহীদের নিবন্ধন ফরমে নাম ওঠানোর পাশাপাশি ছবি তুলতে হচ্ছে। আর যারা বাংলাদেশে থাকতে ইচ্ছুক তাদের শুধু নিবন্ধন ফরমে নাম ওঠানো হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দাদের সংখ্যা ও তাদের নাগরিকত্ব নির্ধারণে গত ৬ জুলাই থেকে যৌথ জরিপ শুরু হয়েছে।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহলে ৬৮ জন এবং ভারতে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৪ সদস্যের যৌথদল গণনায় অংশ নিচ্ছেন।
১৬ জুলাই জরিপ শেষ হওয়ার পর ৩১ জুলাই থেকে ছিটমহল বিনিময় শুরুর কথা রয়েছে।
