শৌচাগার সংস্কার না হওয়ায় ছাত্রাবাসে তালা
তিন মাসেও শৌচাগার সংস্কার না হওয়ায় মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ছাত্ররা।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে সোয়া ১১টার দিকে তালা খুলে দেওয়া হয়।
হলটির শিক্ষার্থীরা জানায়, সংস্কারের জন্য গত ১৫ মার্চ ছাত্রাবাসটির একটি বাদে বাকি সব শৌচাগার ভেঙে ফেলা হয়।
হল প্রাধ্যক্ষকে একাধিকবার জানানোর পরও সংস্কার কাজ শেষ হয়নি বলে হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী রেজাউল হক মেহেদী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয় দিনের বৃষ্টিতে তৃতীয় তলার মসজিদ কক্ষে পানি জমে গেছে। হলের জেনারেটরটি নষ্ট দুই বছর ধরে। গোসলের জন্য যে হাউজে পানি রাখা হয় তার মোটরটিও নষ্ট।”
হলে তালা দেওয়ার পর ছাত্রদের সঙ্গে আলাপ করতে যান প্রক্টর আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও লিটন মিত্র, প্রাধ্যক্ষ সুলতান আহমেদ এবং আবাসিক শিক্ষক রেজাউল করিম।
সাধারণ শিক্ষার্থীরা জানান, শৌচাগার-টেলিভিশন কক্ষ ও ছাদ সংস্কারের কাজটি পেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক মো. মামুন।
কাজ শেষ না হওয়ার বিষয়ে জানতে মামুনের সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রাধ্যক্ষ সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকবার বলেছি ছাত্রদের যেন টেন্ডারে কাজ দেয়া না হয়। ছাত্রদের কাজ কি ঠিকাদারি করা?
“হলের ছাত্রদের সাথে আলোচনা হয়েছে। এখন গিয়ে উপাচার্যকে জানাব। কিভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় সে ব্যবস্থা নেওয়া হবে।”
চারতলা শাহজালাল হলে ৪৭৫ জন শিক্ষার্থী থাকেন। এটি বিশ্ববিদ্যালয়ের পুরনো হলগুলোর একটি।
