চমেকে রোগীর স্বজনদের উপর হামলার অভিযোগ
চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করা নিয়ে তর্কের জেরে রোগীর স্বজনদের ওপর নিরাপত্তা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকের এ ঘটনায় এক রোগীর স্বজন সঞ্জয় চৌধুরী (১৬) এবং গেইটম্যান মনির আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে হাতে ক্ষত নিয়ে চমেকের ১৬ নম্বর মেডিসিন বিভাগে ভর্তি হয় একটি শিশু।
রাত পৌনে ৮টার দিকে তার বাবা পরাগ চৌধুরী কয়েকজন স্বজন নিয়ে ওই বিভাগে ঢোকার চেষ্টা করলে গেইটম্যান মুনির তাদের বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে পরাগ চৌধুরীকে ঘুষি মারেন মনির।
এ ঘটনার জেরে অন্য ওয়ার্ডের গেইটম্যানরাও এসে বিবাদে জড়ান। তখন গেইটম্যান মনির ও সঞ্জয় চৌধুরী আহত হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঞ্জয় চৌধুরী ও মনির দুজনই চোখে ব্যথা পেয়েছে।”
আহত সঞ্জয়কে চমেক হাসপাতালের জরুরি বিভাগে এবং মনিরকে ২৮ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান এসআই জহির।
চমেক হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারেন। এরপর এক রোগীর জন্য একের অধিক স্বজন প্রবেশের নিয়ম নেই।
