বাংলাদেশের হারে ষড়যন্ত্র দেখছেন জাগপা’র প্রধান
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ খেলায় বাংলাদেশ দল হেরে যাওয়ার পেছনে ‘ষড়যন্ত্র' রয়েছে সন্দেহ করে তার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা প্রধানের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি করেছে।
প্রধান বলছেন, “বাংলার মানুষ জানতে চায়, এ পরাজয়ে বাধ্য করেছে কারা, নেপথ্যে ষড়যন্ত্র করেছিল কারা। কারা তাদের প্রভুদের সন্তুষ্ট করতে আমার ক্রিকেট দলকে পরাজয় মেনে নিতে বাধ্য করেছে।
“আমি অবিলম্বে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। তদন্ত হোক যে কেন কারা এই বাংলাদেশি বাঘদের নিদারুণ পরাজয় বরণে বাধ্য করেছে।”
তিনি ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
বুধবার ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ, তবে আগের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা।
‘কেন মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে দেয়া হয়েছে’- জানতে চাইলে প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৭১ এর একজন যোদ্ধা। খেলার পেছনের রাজনীতি দেখে আমার উপলব্ধি হচ্ছে যারা স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে মাথা উঁচু করতে দেয়নি, তারাই এর পেছনে রয়েছে।”
‘ক্রিকেটারদের জীবন বিপন্ন কেন বলছেন’- জানতে চাইলে তিনি বলেন, “হত্যার এ নজীর আমাদের দেশে আছে। বঙ্গবন্ধু কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াকে যারা খুন করেছে তাদের পেছনে যারা ছিলো তাদের বিষয়ে কিন্তু আমরা কিছুই জানতে পারি না।”
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান
স্বাধীনতার পর ছাত্রলীগ নেতা থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের মামলার আসামি শফিউল আলম প্রধানের বক্তব্যসহ ভিডিওটি নিয়ে ফেইসবুকে নানাজন নানা মন্তব্য করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকেই শফিউলের সুস্থতা নিয়ে প্রশ্ন করছেন।
ইউটিউবে ভিডিওটির লিংকে মন্তব্য করে শাহাদাত সানি নামে একজন লিখেছেন, “রোজা রাইখা অভ্যাস নাই তো হুট করে রোজা রেখে মাথা আউলাইয়া গেছে হয় তো। আর নাইলে রাতে লাল পানির লোড বেশি হয়ে গেসে।”
ব্লগার আরিফ জেবতিক তার ফেইসবুক দেয়ালে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “রোজা রাইখা ক্ষুধার চোটে এরকম বক্তব্য দিতেছে নাকি হাবিজাবি হারাম খাইয়া এরকম বক্তব্য দিতেছে-এই বিষয়ে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত চাই।”
