২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে ‘বিএসএফের হামলায়’ বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 12:09 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে হাপানিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে নওগাঁ ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান।

নিহত জহুরুল ইসলামের (৩২) বাড়ি পোরশা উপজেলার দোয়ারপাল নিমাতলা গ্রামে।

“জহুরুলের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের ক্ষত এবং পিঠে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন রফিকুল। 

ওই ঘটনায় বকুল হোসেন (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তারা দুজনেই ভারত থেকে অবৈধভাবে গরু আনার কাজে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল বলেন, সীমান্তের ২৩২ নম্বর পিলারের পাশ দিয়ে জহুরুল ও বকুলসহ কয়েকজন বুধবার গভীর রাতে ওপারে গরু আনতে যায়।

“সাড়ে ৩টার দিকে একই পথ দিয়ে ফেরার সময় ৩১ পান্নাপুর বিএসএফ বিটপাড়া ক্যাম্পের একটি টহলদল তাদের ধাওয়া করে এবং তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে বিএসএফ কোনো ধরনের বিস্ফোরক ছুড়লে জহুরুল ও বকুল আহত হন বলে সঙ্গীরা জানিয়েছেন। পরে তারা ওই দুইজনকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।”

দেশে আনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টার দিকে জহুরুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোরশা থানায় নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল জানান, হতাহতের ঘটনায় সকালে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কাছে চিঠি দেওয়া হয়েছে।