২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াগন উত্তোলন: ছড়িয়েছে আরও তেল

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে আবারও তেল ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 10:40 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

বুধবার সকালে খালে কাত হয়ে যাওয়া ওয়াগন উদ্ধারের সময় সেখান থেকে তেল ছড়িয়ে পড়তে থাকে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন।

গত শুক্রবার দুপুরে দোহাজারি ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার পথে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা স্টেশনের অদূরে ২৪ নম্বর ব্রিজ ভেঙে দুর্ঘটনায় পড়ে তেলবাহী একটি ট্রেন।

এতে ট্রেনের দুটি ওয়াগন পুরোপুরি এবং ইঞ্জিনসহ অন্য একটি বগি অর্ধেক পানিতে পড়ে যায়। এছাড়া অন্য একটি বগি কাত হয়ে যায়। সেখান থেকে বিপুল পরিমাণ তেল খালে ছড়িয়ে পড়ে।

পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুটি পুরোপুরি মেরামত করা হয়েছে। সেখানে ইঞ্জিন পারাপার করে ট্রায়াল দেওয়া হবে।

তিনি আরও জানান, “দুপুরে অর্ধেক পানিতে থাকা ওয়াগনটি তোলার সময় সেখান থাকা কিছু তেল পানিতে পড়ে যায়।”

Image
চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়েছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু (ফাইল ছবি)

চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়েছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু (ফাইল ছবি)

তবে ওয়াগনটি পুরোপুরি তোলা হয়েছে বলে জানান রমজান আলী।  

এদিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারাও বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে খাল ও কর্ণফুলী নদীর পাঁচটি পয়েন্ট থেকে নমুনা সংগ্রহ করেছেন।

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার কাত হয়ে পড়া ওয়াগনটি তোলার সময় ভেতরে থাকা কিছু ফার্নেস অয়েল খালে ছড়িয়েছে।

রোববার রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ওয়াগনগুলোর মধ্যে যে দুটি ওয়াগন পানির ওপরে আছে সেগুলো থেকে তেল সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া পানির ভেতর থাকা দুইটি ওয়াগন থেকে প্রায় ৫০ টন তেল খালের পানিতে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে ফার্নেস অয়েলের দূষণ থেকে কর্ণফুলী ও হালদা রক্ষার দাবিতে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘জলাশয়-জলাধার রক্ষা কমিটি’ মানববন্ধন ও সমাবেশ করেছে।

সমাবেশে পরিবেশবিদ ও সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার পর সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো তেল অপসারণে করণীয় সিদ্ধান্ত নিতে দেরি করেছে।

“রেলওয়ে, বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন আরও আগে সিদ্ধান্ত নিলে দূষণের মাত্রা অনেক কম হতো। ঝুঁকিপূর্ণ ওই সেতুর ধারণ ক্ষমতা সম্পর্কে নিশ্চয় রেলওয়ের ধারণা ছিল। তাদের সচেতনতা ও তদারকি থাকলে দুর্ঘটনাই ঘটত না।”

Image
চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়েছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু (ফাইল ছবি)

চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার সেতু ভেঙে তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়েছে খালে, চুইয়ে পড়ছে ফার্নেস অয়েল। ছবি: সুমন বাবু (ফাইল ছবি)

প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক বলেন, দুর্ঘটনার পর ফার্নেস অয়েল যে আশেপাশের কর্ণফুলী ও হালদা নদীতে ছড়িয়ে পড়বে সেটা জেলে ও নদী তীরের মানুষরাও জানত। অথচ রেলওয়ে কর্তপক্ষ সেটা জানবে না তা কি করে হয়?

আয়োজক সংগঠনের আহ্বায়ক রেহানা কবির রানু বলেন, কর্ণফুলী ও হালদা হলো বাংলাদেশের প্রাণ। দূষণের ফলে হালদায় মা মাছের অভয়াশ্রম হুমকির মুখে পড়বে।

সমাবেশ থেকে নদী-খাল দূষণ এবং আশেপাশের এলাকায় পরিবেশ দূষণের ক্ষতির জন্য রেলওয়ের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশিদ আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, নারীনেত্রী সেলিনা আক্তার, রাজিয়া বেগম ও নাসিমা বেগম প্রমুখ।