নেতার বাইক আটক, তিতুমীরে ছাত্রলীগের বিক্ষোভ-ভাংচুর
তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতার মোটর সাইকেল আটক করার পর প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সরকারসমর্থক ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার বিকালে অফিস ছুটির সময় কলেজের ফটকে এই বিক্ষোভের মধ্যে পুলিশের সামনেই একটি প্রাইভেট কারে ভাংচুর চালানো হয়।
যিনি মোটরসাইকেল আটক করেছেন, সেই এসআই আব্দুল মান্নানকে পুলিশ কর্তৃপক্ষ প্রত্যাহারের ঘোষণা দিলে ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভের কারণে বেলা ৩টা থেকে মহাখালী থেকে গুলশানের পথে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বাড্ডা ও গুলশানের বিভিন্ন গন্তব্যের যানবাহন সড়কে আটকা পড়ায় শত শত যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকেই পায়ে হেঁটে যার যার গন্তব্যে রওনা হন। পরে বনানী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে বিকাল সোয়া ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গুলশান থানার ওসি রকিবুল ইসলাম জানান, দুপুরে বিপ্লব নামের এক ছাত্রলীগ নেতাসহ তিনজন মোটর সাইকেলে করে বারিধারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এসআই মান্নান তাদের থামিয়ে তল্লাশি করেন।
“তারা কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মোটরসাইকেল আটকানোয় ক্ষুব্ধ বিপ্লব কলেজে খবর দিলে একদল ছাত্রলীগকর্মী ঘটনাস্থলে যান।সেখানে গিয়ে তারাও পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এর এক পর্যায়ে ধাক্কাধাক্কিও হয়। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়।
ছাত্রলীগকর্মীদের অভিযোগ, গুলশান থানার এসআই আব্দুল মান্নান তাদের সাবেক নেতা বিপ্লবের গায়ে ‘হাতও তুলেছে’।
তিতুমীর কলেজের সামনে বিক্ষোভের সময় ‘মান্নানের দুই গালে, জুতা মার তালে তালে’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে’-ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় সংগঠনটির কর্মীদের।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহাবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলশানের এস আই মান্নান এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ এসেছে। তাকে প্রত্যাহার করে নেওয়ার পর অবরোধ তুলে দেওয়া হয়েছে।”
