রাজশাহীতে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাজশাহী নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
নিহত মঞ্জুর হোসেনের (৫০) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত লালু (৩০) ও আয়নালও (৫০) পেশায় রিকশাচালক।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
“সকালে ফায়ার সার্ভিস মোড়ে তিনটি রিকশা দাঁড়িয়ে ছিল। একটি প্রাইভেট কার হঠাৎ ওই তিন রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক মঞ্জুর মারা যান।”
পরে স্থানীয়রা লালু ও আয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত লালুর বাড়ি নগরীর পলাশডাঙ্গা এলাকায়। আর আয়নাল শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
