ফ্লাইওভারে গুলি করে গাড়ি ছিনতাই
রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারে চালককে গুলি করে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার ভোরের দিকে বিজয় সরণী-তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডে এ ঘটনা ঘটে।
আহত আসিফ আব্দুল্লাহ খানকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
তিনি বলেন, “সাব্বির আহমেদ নামের একজন ভোরে আসিফকে হাসপাতালে নিয়ে আসেন। তার চিকিৎসা চলছে।”
সাব্বিরের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরান ঢাকার এক রেস্তোরাঁয় সেহেরি খেয়ে উত্তরায় বাসায় ফিরছিলেন আসিফ ও সাব্বির। আসিফ গাড়ি চালাচ্ছিলেন। পথে ওভারব্রিজের উপর ট্রাকের জট দেখে তারা দুজনই গাড়ি থেকে নামেন।
এ সময় দুর্বৃত্তরা আসিফকে গুলি করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
“সাব্বিরের ধারণা, গাড়ি ছিনতাইয়ের জন্যই ফ্লাইওভারের ওপর কৌশলে ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়েছিল”, বলেন মোজাম্মেল।
