মিরপুরে স্কুল মাঠে মেলা বন্ধের নির্দেশ
রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলা তাঁতবস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী-২০১৫ বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোকাররামুছ সাকলান ও তুষার কান্তি রায়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
‘আবারও স্কুলে মাঠে সাংসদ ইলিয়াস মোল্লার মেলা’ ১৬ জুন শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে নিউ মার্কেট থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক মো. সৈয়দুর রহমান সোমবার রিট আবেদনটি করেন।
আদেশের পর মোকাররামুছ সাকলান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল মাঠে মেলা চালানোর কোনো নিয়ম নেই। অবিলম্বে ওই স্কুল মাঠে তাঁত ও বস্ত্র প্রর্দশনী বন্ধ করতে আদালত নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মোকাররামুছ সাকলান।
রুলে স্কুল মাঠে আয়োজকদের তাঁতবস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী-২০১৫ অনুমতি দেওয়া এবং মেলা বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার মহানগর পুলিশ কমিশনার, মিরপুর বিভাগের উপ-কমিশনার, মিরপুর মডেল থানার ওসিসহ ১৩ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গণমাধ্যমের খবর অনুসারে, ওই বিদ্যালয়ের মাঠে ১৫ জুন থেকে বস্ত্রমেলা শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আপত্তি উপেক্ষা করে রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও বস্ত্রমেলার আয়োজন করা হয়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্সহ দলীয় নেতা-কর্মীরা মেলার আয়োজক।”
প্রতিবেদনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৯৯১ সালের পরিপত্রের কথাও উল্লেখ করা হয়।
ওই পরিপত্র অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যবহার, স্থাপনা বা চালু করা বেআইনি কাজ; যা প্রাথমিক শিক্ষার পরিবেশের পক্ষে ক্ষতিকর।
“এসব বিষয় উল্লেখ করে মেলা আয়োজনের সুযোগ নেই বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়। বিষয়টি ইলিয়াস মোল্লাহ্কে জানানো হলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের কাগজ নেই। পেলে দেখব,” বলা হয় ওই সংবাদ প্রতিবেদনে।
