বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় নওগাঁর সাপাহার সীমান্তের ওপার থেকে গরুসহ বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ।
আটক ইউনুছ আলী (৩৫) সাপাহার উপজেলার চহেড়া আলাদিপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, মঙ্গলবার ভোররাতের দিকে সাপাহারের হাপানিয়া সীমান্তের ২৩৪ নম্বর পিলারের ওপার থেকে তাকে আটক করেছে বিএসএফ।
বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, সোমবার গভীর রাতে হাপানিয়া সীমান্তের ২৩৪ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশি রাখালরা ভারত সীমান্তে গরু আনতে যায়।
“মঙ্গলবার ভোরে গরু নিয়ে আসার সময় ৩১-পান্নাপুর বিএসএফের একটি টহলদল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউনুছ আলী ১২টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়েন। অবৈধ অনুপ্রবেশ ও চুরির অভিযোগে ভারতের মালদা জেলার হবিপুর থানায় মামলা দিয়ে ইউনুছকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।”
এদিকে ইব্রাহিম হোসেন ভোলা নামে সঙ্গে থাকা আরও এক যুবক বাড়ি ফেরেনি জানিয়ে তার পরিবার অভিযোগ করলেও বিএসএফ তাকে আটকের কথা অস্বীকার করেছে বলে জানান বিজিবি এক কর্মকর্তা।
নিখোঁজ ইব্রাহিম হোসেন ভোলা (৩৪) উপজেলার বিরামপুর গ্রামের ওমর আলীর ছেলে।
