জাল নোট ঠেকাতে ট্রাইব্যুনাল চান হাজি সেলিম
ঈদের আগে জাল নোটে বাজার সয়লাবের শঙ্কা প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনালের দাবি তুলেছেন হাজি সেলিম।
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এই স্বতন্ত্র সদস্য বলেন, জাল নোটের পাঁচ হাজার মামলার এখনও বিচার হয় নাই। এর সঙ্গে জড়িত অপরাধীরা জেলখানা থেকে বেরিয়ে আবার সহজ কাজ হিসেবে নোট জাল করার কাজ বেছে নেয়।
“আমি মনে করি, এই জাল নোটের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে তাৎক্ষণিকভাবে বিচার করা উচিত। না হলে এই ঈদের বাজার সয়লাব হয়ে যাবে।”
পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা সেলিম বলেন, “কোটি কোটি টাকা জাল নোট উঠছে। আসন্ন ঈদ সামনে রেখে জাল নোট প্রস্তুতকারীরা বিশেষ তৎপরতা শুরু করেছে। কয়েক কোটি টাকার টার্গেট নিয়ে এই চক্র কাজ শুরু করেছে।
“মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে হুজির বিরুদ্ধে জাল নোট তৈরির কথা বলা হয়েছে। আমাদের সাহসী সরকার ২০০৮ সালে হুজিকে নিষিদ্ধ করেছে।”
জাল নোট প্রস্তুতকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, “জাল নোট প্রস্তুতকারীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করে তাদের খারাপ কাজ চালিয়ে যাচ্ছে।
“অবশ্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে, র্যাব ও ডিবির তৎপরতার কারণে তারা দৌড়ের উপরে থাকে। তবুও অপকর্ম চালিয়ে যায়।”
সম্প্রতি কাফরুলে জাল নোটসহ কয়েকজনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, “দুঃখজনক হচ্ছে ভয়াবহ এই অপরাধের তেমন বিচার হয় না। অনেকদিন আটক থাকার পর তাদের ছেড়ে দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়।
“লইয়াররা বলেন, স্যার বিচার যা করার করেন, অন্তত জামিনটা দেন। তখন ম্যাজিস্ট্রেট, জজ কিংবা হাইকোর্ট থেকে ওদের জামিন দিয়ে দেয়।”
এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে হাজী সেলিম বলেন, “মাননীয় স্পিকার, এই ব্যাপারে আপনি কিছু রুলিং-টুলিং দেন।”
