চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেল আরোহী খুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মোটর সাইকেল আরোহীকে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা।
নিহত মোজাফ্ফর আলী (৪০) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
সোমবার রাতে গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজার থেকে এখলাসপুরে বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন বলে গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান।
তিনি বলেন, “মোজাফ্ফর চৌডালা-কানসাট সড়কের কুঁচিয়াপাড়া এলাকায় পৌঁছালে হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
ওসি জানান, মোজাফ্ফরের মোটর সাইকেল ও মোবাইল ফোন ঘটনাস্থলেই পাওয়া গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়।
মোজাফ্ফর কী করতেন, সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
