দুর্নীতি মামলায় কেজিডিসিএলের পাঁচ কর্মকর্তা আসামি
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
সোমবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান অফিসের উপ-পরিচালক ঋত্বিক সাহা।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করে দুদক।
মামলায় প্রতিষ্ঠানটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী ও জামিল আহমেদ আলীম, সাবেক উপ মহাব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়) বতর্মান উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আমির হামজা, সাবেক ব্যবস্থাপক বর্তমান উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এবং সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) চৌধুরী আহসান হাবীবকে আসামি করা হয়েছে।
ঋত্বিক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিশেষ করে কোন প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ না করেই কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
“২০১৪ সালে দুদকের পক্ষ থেকে এ অভিযোগের তদন্ত শুরু হয়।”
অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ মামলা করা হয়েছে বলে জানান ঋত্বিক সাহা।
দুদক কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে কোম্পানির ১৩০টি শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হয় ১৪৩ জনকে।
এক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
গত ২ জুন দুদক কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে কেজিডিসিএল’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়।
