প্রণয়নকারীরাই আইন ভাঙছেন বেশি: ওবায়দুল কাদের
সড়কে যানজট নিয়ে আইনপ্রণেতারা সংসদে সরব হলেও রাস্তায় আবার তারাই আইন ভেঙে যানজটের কারণ হন বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজনীতিকদের অন্তরায় হিসেবে তুলে ধরেন।
‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা এবং অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন প্রধান অতিথি।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজট নিয়ে আইনপ্রণেতারা সংসদে কথা অভিযোগ তুললেও তারাই সব থেকে বেশি আইন ভাঙেন।
“রাস্তা ১৬ লেইন করলেও লাভ নেই, যদি না মানসিকতার পরিবর্তন করতে পারি। ভিআইপিরা আইন ভাঙেন, প্রটোকল নিয়ে উল্টো দিকে গাড়ি চালান। কেউ কাউকে পরোয়ানা করে না, কাউকে তোয়াক্কা করে না।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রশস্তকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সেখানে মসজিদ, মন্দির, স্কুল, কবরস্থান আছে- কী করবেন? দিস ইজ বাংলাদেশ, একটা কিছু ভাঙেন। ২০টি বৈঠক করেছি, ১০৩ বার গিয়েছি রোদ-বৃষ্টি উপেক্ষা করে।”
সড়ক দখলের পেছনে ‘রাজনীতি’কে দায়ী করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “ঠিকাদার-ইঞ্জিনিয়াররা ভয় পায়। আমাকে দৌড়াতে হয়। আমি একা কয় জায়গায় দৌড়াব? কথা হচ্ছে- সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা।”
ঈদের মৌসুমে বিআরটিসিসহ অন্য গাড়িতে বেশি ভাড়া আদায় নিয়েও ‘বিপাকে’ রয়েছেন বলেনও জানান সড়ক পরিবহন মন্ত্রী।
“এদেশে এত পলিটিকস! এই রাজনীতির জন্যই রাস্তা দখলমুক্ত করা যাচ্ছে না। রাজনীতিবিদরা বলে সামনে ভোট আছে, আমাকে বিপদে ফেলবেন না।”
এসব কারণে ফুটপাত দখলমুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই হকাররা আবার সেখানে বসে পড়েন বলে স্বীকার করেন তিনি।
ট্রমালিঙ্কের আয়োজনে ‘নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ছাড়াও কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এই আলোচনা সভায় বক্তব্য দেন।
‘ভাষণের নয়, অ্যাকশনের প্রোগ্রাম করুন’
অনুষ্ঠানে বক্তব্যে বেশি কথা না বলে ‘সিরিয়াসলি’ কাজ করতে সবাইকে তাগিদ দেন ওবায়দুল কাদের।
সড়কে ‘লোক দেখানো’ কাজের সমালোচনা থাকলেও এই মন্ত্রী দাবি করেছেন, তিনি মাঠে নামলে ঘণ্টায় লাখ মানুষের ভোগান্তি কমে।
‘ভাষণ মানেই চেহারা দেখানো’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “ভাষণের নাম শুনলেই আমার মাথায় বাজ পড়ে যায়।
“তিন ঘণ্টা রাস্তায় থাকলে তিন লাখ মানুষের দুর্ভোগ কমে যায়। তাহলে আমি কি ভাষণ দেব নাকি রাস্তায় থাকব?”
সড়কে ওবায়দুল কাদেরর পরিদর্শন (ফাইল ছবি)
তিনি বলেন, “শুধু ভাষণ দিয়ে কিছু হবে না। সিরিয়াসলি কিছু করতে হবে। বক্তব্য না দিতে পেরে মন খারাপ করলে হবে না। বলার জন্য বলা বন্ধ করতে হবে।”
দুপুর আড়াইটায় শুরু হওয়া অনুষ্ঠানে ইফতারের সময় ঘনিয়ে এলেও বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথির বক্তব্যের পালা শুরু হচ্ছিল না। ফলে শিগগির অনুষ্ঠান শেষ করার তাগিদ দেন গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা তখন অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদেরকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে অন্য অতিথিদের উদ্দেশে বলেন, আলোচনা ধরে মন্ত্রী পরে আরেক দফা কথা বলবেন।
নিজের বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, “কেন? আলোচনা তো যথেষ্ট হল। আপনারা একটা প্রেজেন্টেশনও দিলেন। এরপরে কথা বলার আর কী আছে?
“এরপরেও বক্তব্য চলবে এটা হতে পারে না। ভাষণে সবল, অ্যাকশনে দুর্বল। সমন্বিত ভাষণে নয়, দরকার সমন্বিত অ্যাকশন। ভাষণের প্রোগ্রাম নয়, অ্যাকশনের গ্রোগ্রাম করুন।”
মন্ত্রীর বক্তব্য শেষে আয়োজকরা মন্ত্রীর উপস্থিতিতেই আরও কিছুক্ষণ আলোচনা চালিয়ে যেতে চান।
কাদের বলেন, “কেন আরও সময় নেবেন? কেন? কেন? আসুন আমরা সবাই ঐক্যমত্য পোষণ করি, সামনে ঈদ।”
মন্ত্রীর মুখ থেকে কথা অনেকটা কেড়ে নিয়েই টেলিভিশন ক্যামেরাগুলো বের হয়ে যাওয়ার আগেই ত্বরিত সভাপতির বক্তব্য শেষ করেন কলামনিস্ট আবুল মকসুদ। বক্তব্যে সড়ক পরিবহনমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
