২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুকুর দখলের চেষ্টায় গুলি, ওঁরাও বালক নিহত

নওগাঁর পত্নীতলায় পুকুর দখলের চেষ্টায় স্থানীয় এক প্রভাবশালীর গুলিতে আদিবাসী এক ওঁরাও বালক নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সোমবার সকালে উপজেলার আকবরপুর গ্রামে এ ঘটনার পর আবদুল মতিন (৪৫) নামে প্রভাবশালী ওই ব্যক্তিকে ১৫ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। মতিনের বন্দুকও জব্দ করা হয়েছে। 

নিহত মিঠুন ওঁরাও (১২) উপজেলার আকবরপুর গ্রামের ওঁরাওয়ের ছেলে।

আহতদের মধ্যে হাফিজুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩২) নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরসহ হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় আদিবাসী নেতা সুধীর কিরকি জানান, আকবরপুর গ্রামে একটি ওয়াকফ এস্টেটের একটি পুকুর পাড়ে প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছে আদিবাসী ও বাঙালি ২০টি পরিবার। ‘ক্রয়সূত্রে’ ওই জমির মালিকানা দাবি করে স্থানীয় আবদুল মতিন তাদের বিভিন্নভাবে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

পুলিশ সুপার বলেন, “আজ সকাল ৮টার দিকে মতিন তার লোকজন নিয়ে ওই পরিবারগুলোকে উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় মতিন তার বন্দুক দিয়ে চারটি গুলি ছুড়লে মিঠুন, হাফিজুর ও বেলাল আহত হন।”

স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে মিঠুনের মৃত্যু হয় বলে জানান তিনি। 

পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক জানান, পুলিশ মতিনকে বন্দুকসহ গ্রেপ্তার করেছে।এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।