দোষ স্বীকার না করলেও মোবাইল কোর্টে সাজা
দোষ স্বীকার না করলেও সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়ার বিধান রেখে ভ্রাম্যমাণ আদালত আইনের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মোবাইল কোর্ট (সংশোধন) আইন, ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”
২০০৯ সালের এই আইনে তিনটি বিষয় সংযোজন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান বিধানে মোবাইল কোর্টে বিচারযোগ্য অপরাধ করে কেউ দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না।
“সংশোধনে মোবাইল কোর্টের আওতায় দোষ স্বীকার না করলেও সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে শাস্তি দেওয়া যাবে।
“দ্বিতীয় সংযোজন হচ্ছে- মোবাইল কোর্টের আওতায় বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্তি। মোবাইল কোর্টের আওতায় ইলেকট্রনিক স্বাক্ষর ও বায়োমেট্রিক ব্যবহার করা যাবে।
“এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন বলে সংশোধনের খসড়ায় বলা আছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূলত ভেজালবিরোধী অভিযান, ইভ টিজিং বন্ধ , সুষ্ঠভাবে পাবলিক পরীক্ষা গ্রহণ, জনগণের নিরাপত্তা বিধান এবং দ্রুত বিচার নিষ্পত্তি করার লক্ষ্যে ২০০৯ সালে এ আইন করা হয়।
“২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোবাইল কোর্টের আওতায় সাড়ে পাঁচ লাখ মামলা নিষ্পত্তি হয়েছে এবং এর সফল বাস্তবায়ন চলছে।”
তবে বাস্তবায়ন পর্যায়ে কিছু সীমাবদ্ধতা থাকায় ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভার নির্দেশনা মেনে আইনকে আরো কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা হালনাগাদ করে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বর্তমানে মোবাইল কোর্টের তফসিলে ৯৩টি আইনে শাস্তি দেওয়া যায় বলে জানান তিনি।
“আইন সংশোধনের পর মোবাইল কোর্ট আরো কার্যকরভাবে পরিচালিত হবে এবং নাগরিকরা লাভবান হবেন।”
