২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতা স্তম্ভে’ একীভূত হচ্ছে শিশু পার্ক

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান দুটি সংরক্ষণে শিশু পার্ককে ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 09:21 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

শনিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতি বিজড়িত পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের স্থানটি সরকারিভাবে সংরক্ষণের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানটি সরকারিভাবে সংরক্ষণ করা হবে।”

 এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “স্থান দুটি বর্তমানে বিদ্যমান শিশু পার্কের অভ্যন্তরে। শিশু পার্ক এলাকাটি ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্পের সাথে একীভূত করার পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক স্থান দুটি সংরক্ষণ, শিশু পার্ক এলাকা দৃষ্টি নন্দন, ল্যান্ড স্কেপিংপূর্বক একীভূতকরণের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

এ জন্য স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

 শামসুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সৃষ্ট বধ্যভূমিসহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সংগঠন, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে নতুন নতুন বধ্যভূমির সন্ধান পাওয়া যাচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বধ্যভূমিগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। এ পর্যন্ত তালিকাভুক্ত বধ্যভূমির সংখ্যা ২০৪টি।”

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, বর্তমানে সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে প্রায় ছয় হাজার ৭৯৮ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। তার মধ্যে সরকারের দখলে তিন হাজার ৮৯৮ একর এবং বেদখলে দুই হাজার ১০ একর।

ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, বর্তমানে দেশে খাসজমির মধ্যে কৃষিজমি ২১ লাখ ১ হাজার ৫৫৯ একর, অকৃষি জমির পরিমাণ ১৭ লাখ ৯৬ হাজার ৩৮৫ একর।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “সুন্দরবনে সর্বশেষ ২০০৪ সালে বাঘ গণনা করা হয়েছে। ইউএনডিপির সহায়তায় পায়ের ছাপ পর্যবেক্ষণ পদ্ধতিতে পরিচালিত গণনায় সুন্দরবনে ৪৪০টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল।”

মন্ত্রী জানান, বিগত ১৫ বছরের বন বিভাগের তথ্যমতে, মোট ৩২টি বাঘের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৪টি বাঘের মৃত্যু হয়েছে গণপিটুনিতে, ৮টির মৃত্যু হয়েছে শিকারীদের দ্বারা, ৭টি বার্ধক্যজনিত, একটি প্রাকৃতিক দুর্যোগের সময়, একটি চিকিৎসাকালীন সময়ে, একটি অসুস্থতাজনিত।

তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জানান, ২০১৩-১৪ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসানের পরিমাণ ১৯৮ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকা।