২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ: স্টেশন মাস্টারসহ বরখাস্ত ২

লালমনিরহাটের কালীগঞ্জে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর দায়িত্বের অবহেলার অভিযোগে স্টেশন মাস্টারসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লারমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার সকালে উপজেলার কাকিনায় লালমনিরহাট- বুড়িমারী রুটে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার এবং লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়।

এ দুর্ঘটনার পর ওই লাইনে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে।

সাময়িক বরখাস্তরা হলেন, কাকিনার স্টেশন মাস্টার আছির উদ্দিন ও পয়েন্টসম্যান নজির হোসেন।

ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “এমন দুর্ঘটনা স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণেই ঘটতে পারে। দায়িত্বে অবহেলার কারণে দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

দুর্ঘটনা তদন্তে লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সার্জন মোস্তাফিজুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে নাজমুল বলেন, প্রতিবেদন এলেই দোষীদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাকিনা স্টেশন মাস্টারের কার্যালয়ও ভাংচুর করে।