২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সংঘর্ষে পর মোটর সাইকেল ও কভার্ড ভ্যানে অগ্নিকাণ্ড

গাজীপুরে কভার্ড ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষের পর আগুন ধরে যান দুটি পুড়ে গেছে। এ সময় আহত হয়েছে একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 11:39 AM

Updated : 22 Aug 2022, 12:38 PM

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আল মামুন জানান, শুক্রবার মধ্যরাতে নগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

এতে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই মো. আল মামুন বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মোটর সাইকেলটির চাকা ফেটে গিয়ে মহাসড়কের উপর কাত হয়ে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা তুলা ও সুতাভরতি কভার্ডভ্যান মোটর সাইকেলের উপর তুলে দিলে হঠাৎ আগুন ধরে যায়। এতে মোটর সাইকেল এবং কভার্ডভ্যানের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।

আহত মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই এলাকাবাসী মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।