মুজাহিদের সাক্ষাৎ চান তার আইনজীবীরা
যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চান তার আইনজীবীরা।
শনিবার দিনের কোনো এক সময় মুজাহিদের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়ে তারা আবেদন করেছেন বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার ফরমান আলী জানিয়েছেন।
তবে শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবীরা শনিবার দেখা করার জন্য বিকালে আবেদন জমা দিয়েছে। তবে তাদের দেখা করার সময় নির্ধারণ করা হয়নি। সর্বোচ্চ পাঁচজন দেখা করার অনুমতি পাবে। সিদ্ধান্ত ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।”
এদিকে মুজাহিদের আইনজীবী শিশির মনির বলেন, “শনিবার সকাল ১১টায় আমরা দেখা করতে যাচ্ছি। আপিল বিভাগের রায় নিয়ে মুজাহিদ সাহেব কিছু ভাবছেন কি না সে বিষয়ে তার কাছে জানতে চাইব।”
তার সঙ্গে আইনজীবী নজিবুর রহমান, কামাল উদ্দিন, মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম থাকবেন বলে জানান তিনি।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতারিবোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
ওই রায়ের বিরুদ্ধে মুজাহিদের আপিলের রায় সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ঘোষণা করে, যাতে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর প্রধানের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
