টাইম স্কেল-সিলেকশন গ্রেড বহালের দাবি
প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বলেন, প্রস্তাবিত বেতন স্কেলের প্রতিবেদনে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ দুঃখজনক।
তিনি জানান, কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত থাকায় সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা চালু করেছিল।
“সরকারি কর্মচারীরা টাইম স্কেল সুবিধা পেলেও চতুর্থ শ্রেণির সব কর্মচারী সিলেকশন গ্রেডের সুবিধা পাচ্ছে না।”
প্রস্তাবিত বেতন স্কেলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য এক গ্রেড থেকে আরেক গ্রেডের ব্যবধান ২৫০ টাকা রাখার প্রস্তাবেও ক্ষোভ প্রকাশ করেন আমিনুর রহমান।
তিনি বলেন, “এই ব্যবধান একটি ইনক্রিমেন্ট থেকেও কম। এর ফলে কর্মচারীদের মধ্যে হতাশা, অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
সম্মেলনে প্রজাতন্ত্রের সব কর্মচারীদের সর্বনিম্ন ১৬ হাজার টাকা স্কেল নির্ধারণ, টাইম স্কেল প্রথা বহাল রাখা এবং চতুর্থ শ্রেণির সব কর্মচারীদের অন্যান্য শ্রেণি ও মন্ত্রণালয় বা বিভাগের মতো শতভাগ সিলেকশন গ্রেড দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান কর্মচারী নেতারা।
দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
১৩ মে বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করেছে সচিব কমিটি।
সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মতিউর রহমান, যুগ্ম সচিব মো. নুর আলমসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
