২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও দোহারে অজ্ঞাতপরিচয় দুই লাশ

ঢাকার সাভারে রাস্তার পাশের ঝোপ এবং দোহারে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার ও দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে বলিয়াপুর এলাকায় মধুমতি মডেল টাউনের সামনে সড়কের পাশের ঝোপে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের লাশ পাওয়া যায়।

স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“লাশটি অন্তত দুই দিন আগের। পরনে ছিল প্যান্ট-শার্ট, শরীরে জখমের চিহ্নও রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এদিকে শুক্রবার দুপুরে দোহার উপজেলার মোকছেদপুর ইউনিয়নের আন্দারবিল এলাকার একটি ডোবার পাশে আনুমানিক ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তির লাশ পাওয়া যায়।

দোহার থানার শাইন পুকুর তদন্ত কেন্দ্রের এস আই মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশটি একেবারে গলে গেছে, সনাক্ত করার উপায় নেই।”

লাশের পাশে একটি হলুদ রঙের শার্ট, একটি গামছা ও বড় পলেথিন পাওয়া গেছে বলে জানান তিনি।

এসআই হাবিব বলেন, “১০/১৫ দিন আগে এই নির্জন জায়গায় তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

দোহার থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি কোনো রিকশা বা ভ্যান চালকের হতে পারে। তদন্ত করে আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।”