মাদ্রাসা শিক্ষার্থীরাও পাবে ‘ডিজিটাল’ পাঠ্যবই
সাধারণ শিক্ষার পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল টেক্সটবুক’ চালু করবে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়ে বলেন, ২০১৬ সালের জানুয়ারিতেই মাদ্রাসা শিক্ষার বইও ডিজিটাল পাঠ্যবইয়ে রূপান্তর হবে।
মাদ্রাসা স্তরে প্রথম পর্যায়ে ষষ্ঠ শ্রেণির চারটি এবং সাধারণ শিক্ষার ১২টি বই ডিজিটাল করতে কাজ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৬ সাল থেকে ষষ্ঠ শ্রেণির কুরআন মজিদ, আকাইদ ও ফিকহ, আরবি প্রথমপত্র এবং আরবি দ্বিতীয়পত্রের বই ডিজিটালাইজড করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সাধারণ শিক্ষার ১২টি বইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করছে।
নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল টেক্সটবুক’-এ বিষয়বস্তুর ডিজিটাল ভার্সন অফলাইন বা অনলাইনে কম্পিউটার, ট্যাব ও মোবাইল ফোনে পড়া যাবে।
এসব পাঠ্যবইয়ে জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে বিভিন্ন চিত্র, চার্ট, ডায়াগ্রাম এবং অডিও-ভিডিও হাইপার লিংক আকারে যুক্ত থাকবে বলে এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছায়েফ উল্যার সভাপতিত্বে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, নায়েমের মহাপরিচালক হামিদুল হক, জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব সাব্বির আহমেদ মোমতাজী প্রমুমূখ বক্তব্য দেন।
