সিরাজগঞ্জে ব্যাংক কর্মকর্তার গৃহপরিচারিকার লাশ উদ্ধার
সিরাজগঞ্জ শহরে এক ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সনি খাতুন (১৫) কামারখন্দ উপজেলার নান্দিনামধু এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
বৃহস্পতিবার বিকালে শহরের গোশালা মহল্লার হাজী ব্যারাক এলাকার জসিম উদ্দিনের বাসা থেকে সনির মৃতদেহ উদ্ধার করা হয়।
জসিম সোনালী ব্যাংক জামতৈল শাখার জুনিয়র অফিসার ও তার স্ত্রী হুসনে আরা ঝাঐল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাঠকর্মী হিসেবে কর্মরত বলে জানিয়েছেন সদর থানার ওসি হাবিবুল ইসলাম।
ওসি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্যাংক কর্মকর্তার ছেলের কক্ষ থেকে গলায় ওড়নায় পেঁচানো অবস্থায় সনির মৃতদেহটি উদ্ধার করা হয়। সনি আত্নহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।”
এ ঘটনায় জসিম উদ্দিন, তার স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিরাজগঞ্জ সদর সার্কেলের এএসপি ফারুক আহম্মেদ জানান।
