শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞাপন: ৫ কলেজকে শোকজ
নির্ধারিত সময়েই আগেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের জন্য পাঁচটি কলেজকে কারণ দর্শাতে বলেছে শিক্ষা বোর্ড।
ক্যামব্রিয়ান কলেজ, কিংস কলেজ, মেট্রোপলিটন কলেজ, উইনসাম কলেজ ও শ্যামলী আইডিয়াল কলেজকে বৃহস্পতিবার শোকজ করে এ বিষয়ে ‘সতর্ককীরণ’ বিজ্ঞপ্তিও জারি করে ঢাকা শিক্ষা বোর্ড।
এই পাঁচ কলেজের মধ্যে কয়েকটির বিরুদ্ধে ‘শিক্ষা-বাণিজ্যের’ অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে মর্মে কলেজের নাম দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এ ধরনের কাজ না করতে সব কলেজ কর্তৃপক্ষকে সতর্কও করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন ও এসএমএসে ২১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পরই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
কলেজে শিক্ষার্থী ভর্তি শুরুর তিন দিন আগেই ‘ভর্তি চলছে’ বলে পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের বিষয়ে পাঁচটি কলেজকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে ঢাকা বোর্ড।
২৫ জুন ভর্তির ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, এর আগে কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবেন। ১ জুলাই ক্লাস শুরুর পর ১ অগাস্ট শুরু হবে ব্যবহারিক ক্লাস।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তীর্ণদের পাশাপাশি ২০১৩ ও ২০১৪ সালে মাধ্যমিকে উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।
