২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হাত-পা-মুখ বেঁধে তরুণী ধর্ষণ

ঢাকার সাভারে যশোরের এক তরুণীকে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করেছে এক দল দুর্বৃত্ত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার ভোরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার আবুল মার্কেটের পাশে এঘটনা ঘটে।

সাভার থানা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালিকা ভৌমিক জানান, ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে।”

ভার্কুতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিএম সালাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোর রাতে স্থানীয় চৌকিদার সারোয়ার হোসেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

“মেয়েটি ধর্ষকদের মধ্যে মাইন উদ্দিন ও সানাউল্লাহ সানু নামে দুজনকে চিনতে পেরেছে।”

ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটির বাড়ি যশোর এলাকায়। যশোর থেকে যে ব্যক্তি তাকে সাভারের ভাকুর্তা নিয়ে এসেছে সে ও তার সহযোগীদের সহায়তায় এ ঘটনা ঘটতে।

তিনি বলেন, “মেয়েটি যাদের নাম-ঠিকানা বলছে সব খোঁজ খবর নিয়ে দেখা যায় ঠিকানা সঠিক নয়। তার আত্মীয় স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।”

এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে এএসপি রাসেল বলেন, “সে (ধর্ষিত তরুণী) যে অভিযোগই দিবে তাই গ্রহণ করা হবে।”