গাজীপুরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
গাজীপুর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত কামরুন নাহার মৌসুমী (১৮) মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার এসএম মুজিবুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কেবি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে মৌসুমী ও তার মা বাড়ি থেকে বের হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে জয়দেবপুর বাজারে যাচ্ছিলেন। পথে স্থানীয় কেবি মার্কেটের সামনে পৌঁছলে অসাবধানতাবশত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৌসুমীর গলায় ফাঁস লেগে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, মৌসুমীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
