কুষ্টিয়ায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুষ্টিয়া শহরতলীর মিলপাড়া পুলিশ ফাঁড়ির জন্য অধিগ্রহণ করা সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সদর উপজেলা ভূমি কমিশন।
পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উত্তম রায় সাংবাদিকদের জানান, সরকারি ওই জায়গাটি কুষ্টিয়ার মিলপাড়া পুলিশ ফাঁড়ির জন্য অধিগ্রহণ করেছিল সরকার।
“কিন্তু সেখানে অবৈধভাবে বসবাসরত সবাইকে উঠে যাওয়ার জন্য কয়েক বার নোটিস দেওয়া হলেও তারা জায়গা খালি না করায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।”
ওই স্থানে অবৈধভাবে নির্মিত বসতবাড়িসহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় বলে জানান উত্তম কুমার।
