ছয় দিনের মাথায় চট্টগ্রামে ট্রাকচাপায় আরেক ছাত্র নিহত
ট্রাকচাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর ছয়দিনের মাথায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার সকালে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় ট্রাকচাপায় নিহত হন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী সত্যপ্রিয় দাশ (২৪)। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটায়।
দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর পর বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রবর্ত্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনের রাস্তা আটকে বিক্ষোভ দেখায়।
তাদের বিক্ষোভের কারণে ওই রাস্তায় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সত্যপ্রিয়কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা শ্রীধাম দাশ জানান, দুই ভাই এক বোনের মধ্যে সত্যপ্রিয় ছিলেন সবার বড়। শুলকবহর রওশন বোর্ডিং এলাকায় একটি মেসে থাকতেন তিনি।
সকালে মেস থেকে বেরিয়ে চকবাজারে টিউশনিতে যাওয়ার পথেই ট্রাকচাপা পড়েন এই শিক্ষার্থী।
নিহত সত্যপ্রিয় মেধাবী ছাত্র ছিলেন বলে জানিয়েছেন সিটি কলেজের অর্থনীতি বিভাগের সভাপতি আব্দুল আলীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১১ জুলাই থেকে সত্যপ্রিয়র চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় বসার কথা ছিল। তৃতীয় বর্ষ পর্যন্ত সে আমাদের বিভাগে প্রথম স্থানে ছিল।”
এর আগে গত শনিবার নগরীর সিটি গেইট এলাকায় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের দুই ছাত্র টাকচাপায় নিহত হন। সে সময়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে বিক্ষোভ করে ওই কলেজের শিক্ষার্থীরা।
