বেনাপোলে নারী-শিশুসহ আটক ৪১
ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় নারী ও শিশুসহ ৪১ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানায় বিজিবি।
তবে অভিযানে কোনো দালালকে আটক করা যায়নি।
আটক ৪১ জনের মধ্যে ৮ জন নারী, ২৯ জন পুরুষ ও চার শিশু রয়েছে।
তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় বিভিন্ন ধরনের কাজ করেছে।
সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আব্দুর রহিম।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে।
