মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন, আহত হন শিশুসহ আরও দুই জন।
বুধবার বিকালে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুলেখা বেগম (৩৫) তখলপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।
আহতরা হলেন, একই গ্রামের পারুল বেগম (৪০) ও রুমাইয়া (২)। তাদের দারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
শ্রীপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিকালে খেলার সময় শিশু রুবাইয়া গ্রামের রাস্তার উপর পল্লি বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়।
এ সময় তাকে বাঁচাতে প্রথমে পারুল বেগম ও জুলেখা বেগম এগিয়ে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলেখা বেগম ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, সকালে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়লে বিষয়টি স্থানীয় পল্লি বিদ্যুৎ অফিসকে জানানো হয়। কিন্তু ছেঁড়া তার সরাতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
