মিরপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুর স্টেডিয়ামের উল্টো দিকে একটি ভবনে ‘ব্যানার ঝোলাতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, মিরপুর ২ নম্বর সেকশনের জনতা হাউজিংয়ের একটি চারতলা বাড়িতে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু (৩৫) পেশায় একজন দিনমজুর। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।
“জনতা হাউজিংয়ের লোকজন ব্যানার লাগানোর জন্য সেন্টুকে নিয়ে এসেছিল। ভবনের উপরে ওঠার পর তারে জড়িয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এরপর নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানান ওসি। তবে এ বিষয়ে জনতা হাউজিংয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি।
